গাইবান্ধায় মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন
আমেরিকা প্রবাসী মাসুদ রানার বিরুদ্ধে জমি দখল ও শ্মশান কমিটির সভাপতির ওপর হামলার অভিযোগে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা; জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা পৌর মহাশ্মশানের জমি অবৈধভাবে দখলের অপচেষ্টা এবং এর প্রতিবাদ করায় শ্মশান পরিচালনা কমিটির সভাপতি রবিন সেনের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে গাইবান্ধা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মহাশ্মশানের সম্পত্তি রক্ষার দাবিতে এক বিশাল প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১ নং ট্রাফিক মোড়ে প্রতিবাদী জনতার ঢল
গাইবান্ধা শহরের ১ নং ট্রাফিক মোড় ডিবি রোডে ‘পৌর মহাশ্মশান কমিটি, গাইবান্ধা সদর’-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্মশান কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানান অংশ গ্রহণকারীরা।
অভিযোগের তির আমেরিকা প্রবাসীর দিকে
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমেরিকা প্রবাসী অভিযুক্ত মোঃ মাসুদ রানা দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে গাইবান্ধা পৌর মহাশ্মশানের সম্পত্তি গ্রাস ও দখলের পাঁতারা করে আসছিলেন। স্থানীয় শ্মশান পরিচালনা কমিটি এই বেআইনি দখলের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে মাসুদ রানা ও তার লালিত সশস্ত্র বাহিনী শ্মশান কমিটির সভাপতি রবিন সেনের ওপর অতর্কিত ও ন্যাক্কারজনক হামলা চালায়।
বক্তাদের ক্ষোভ ও আইনগত ব্যবস্থার দাবি
প্রতিবাদ সভায় বক্তব্য রাখা নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, “ধর্মীয় উপাসনালয় বা মহাশ্মশানের মতো পবিত্র স্থানের জায়গা দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় দায়িত্বশীল প্রতিনিধির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা অবিলম্বে ভুমিদস্যু হিসেবে অভিযুক্ত মাসুদ রানা এবং তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও পরবর্তী কর্মসূচি
গাইবান্ধার স্থানীয় সুশীল সমাজ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ জানান, অবিলম্বে যদি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না নেওয়া হয় এবং মহাশ্মশানের জমি সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না মেলে, তবে আগামীতে আরও কঠোর ও ব্যাপক আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তারা অবিলম্বে শ্মশানের জমি দখলমুক্ত রাখা এবং আহত সভাপতির ন্যায্য বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।


